দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একজন গণহত্যাকারীর বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফিরতে হবে। তিনি কীভাবে দেশে ফিরতে চান, সেটি নিয়ে আলোচনার চেয়ে দেশের আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, দেশের জনগণ, উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে কথা বলার এখনই সময়। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারের কার্যক্রম এগিয়ে নিতে হবে।
মতবিনিময় সভায় নারীদের অগ্রগতি নিয়েও কথা বলেন ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, নারীদের আরও এগিয়ে নেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে সরকার।
গণমাধ্যমকর্মীদের স্বার্থসংশ্লিষ্ট ওয়েজ বোর্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো ওয়েজ বোর্ড অনুসরণ করলে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।
সভায় নারী সাংবাদিকদের বিভিন্ন বিষয় ও গণমাধ্যমের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।