ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্থগিত মামলার পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের উদ্যোগ নিয়েছে পুলিশ। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে তাঁর বাসায় যান থানার একজন উপপরিদর্শক (এসআই)। তবে ওই সময় তিনি রাষ্ট্রপতির সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নিতে বঙ্গভবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশের ওই কর্মকর্তা মাহমুদুর রহমানকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেটি কার্যকর করতেই পুলিশের এই উপস্থিতি।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মাহমুদুর রহমান ছাড়াও এতে আসামি করা হয়েছিল সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।

মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়।

তবে মামলাটির বিচারিক কার্যক্রম নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আইনি বিষয়। হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটির কার্যক্রম স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের আদেশেও ওই স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ রয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।

অন্যদিকে, পুলিশের কাছে থাকা পরোয়ানার নম্বর আর-১৬/২৬। নথিতে এর জারির তারিখ উল্লেখ রয়েছে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর। স্থগিতাদেশ থাকা মামলায় এই পরোয়ানা কার্যকরের উদ্যোগ নিয়েই মাহমুদুর রহমানের বাসায় পুলিশের যাওয়ার ঘটনা সামনে এসেছে।

মাহমুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের বিভিন্ন জেলায় শতাধিক মামলা হয়েছিল বলে জানা যায়। ২০১০ সাল থেকে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি আইন, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসব মামলার কয়েকটিতে আদালতের রায় হয়েছে এবং তাঁকে কারাভোগও করতে হয়েছে। বিনা বিচারে দীর্ঘ সময় আটক থাকার অভিযোগও রয়েছে তাঁর পক্ষ থেকে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝