পুষ্টিগত দিক থেকে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি এ খাতকে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শক্তিতে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে। মেলায় প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, আধুনিক প্রযুক্তি ও উৎপাদিত পণ্য প্রদর্শন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদকপ্রাপ্তদের মধ্যে আটটি স্বর্ণপদক ও ১৫টি রৌপ্যপদক রয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এ পদক দেওয়া হয়।
পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি। একই সঙ্গে এটি দেশের লাখো উদ্যোক্তা, গবেষক, খামারি ও এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্য নিরাপত্তা (ফুড সেফটি) এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো বিকল্প নেই।
তিনি জানান, সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি উদযাপন করা হবে।
এফএস