বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে ভারত-বাংলাদেশ সীমান্তের বাণিজ্য ও যাত্রী চলাচলে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বন্ধ রয়েছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র। পাশাপাশি মালদার মহদিপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি ও কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে কমেছে পণ্য আমদানি-রপ্তানি এবং যাত্রী চলাচল। এতে উদ্বেগ বাড়ছে দুই দেশের ব্যবসায়ী, পরিবহনকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে।
মঙ্গলবার শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় গিয়ে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রটি বন্ধ পাওয়া যায়। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বহু মানুষ বাংলাদেশে যাওয়ার ভিসার আবেদন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সেখানে আসেন। কেন্দ্রটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন তাঁরা। একই সঙ্গে ফুলবাড়ী সীমান্ত দিয়ে দুই দেশের বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শিলিগুড়ি ও কলকাতায় বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার নতুন করে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন করেনি।
গত ১৭ নভেম্বর বাংলাদেশ উপহাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে ১ ডিসেম্বর থেকে কেন্দ্র দুটিতে নতুন ভিসার আবেদন গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। তবে কেন্দ্র বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ফুলবাড়ী সীমান্তের রপ্তানিকারক ও আমদানিকারক সমিতির সভাপতি জামির বাদশা বলেন, দীর্ঘদিন ভিসা পরিষেবা বন্ধ থাকলে সীমান্ত বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। আগে এ সীমান্ত দিয়ে মূলত পাথর রপ্তানি হতো। পরে ব্যবসায়ীদের উদ্যোগে টমেটো, ভুট্টা, পেঁয়াজ ও চাল রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। ভারত ও ভুটান থেকে বিপুল পরিমাণ পাথর বাংলাদেশে আসে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে কাপড় আমদানি করা হয়। এ বাণিজ্যের সঙ্গে দুই দেশের বহু ব্যবসায়ী ও পরিবহনকর্মীর জীবিকা জড়িত।
এদিকে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তেও কমেছে যাত্রী চলাচল। সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, আগে এ সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ জন যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে।
ঢাকা থেকে বুড়িমারী পর্যন্ত বাস চলাচলও কমেছে। গত ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চার মাসে এ সীমান্ত দিয়ে ৩০ হাজারের বেশি মানুষ যাতায়াত করেন। যাত্রী কমে যাওয়ায় সীমান্তের দুই পাশে হোটেল, খাবারের দোকান ও পরিবহন ব্যবসায় প্রভাব পড়েছে।
অন্যদিকে, মালদার মহদিপুর সীমান্তে রপ্তানি কার্যক্রম আপাতত স্বাভাবিক রয়েছে। তবে বাংলাদেশে ট্রাক নিয়ে গেলে হয়রানি কিংবা হামলার শিকার হতে পারেন—এমন আশঙ্কায় উদ্বিগ্ন ভারতীয় ট্রাকমালিক ও চালকেরা। মহদিপুর রপ্তানিকারক সমিতির সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, সীমান্তে বিএসএফের কঠোর নজরদারি রয়েছে। এরপরও চালক ও খালাসিদের মধ্যে উদ্বেগ কাটেনি।
দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরেও কমেছে রপ্তানি কার্যক্রম। আগে প্রতিদিন ৬০ থেকে ৭৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও সোমবার এ সংখ্যা কমে ২৫টিতে নেমে আসে।
হিলি রপ্তানিকারক ও শুল্ক ছাড়করণ প্রতিনিধি সমিতির সম্পাদক বিকাশ মণ্ডল বলেন, পরিস্থিতির আরও অবনতি হলে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে রপ্তানি করা পণ্যের মূল্য আদায় নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ছে ভারত-বাংলাদেশ সীমান্তের অর্থনীতি, পর্যটন ও স্বাভাবিক যোগাযোগে। ভিসা পরিষেবায় বিঘ্ন, যাত্রী চলাচল হ্রাস এবং পণ্য পরিবহনে ধীরগতির কারণে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। পরিস্থিতির উন্নতি না হলে সীমান্তনির্ভর ব্যবসা ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।
এসএস