দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সহিংসতা ও নাশকতার ঘটনা বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি।
উপদেষ্টা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিলের ৭২টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে। রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় এসব মিছিলকে বেআইনি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, সম্প্রতি পুলিশের স্থাপনায় চারবার হামলা হয়েছে। এ ছাড়া পুলিশের ২৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং স্থাপনা ও যানবাহন লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার বিষয়ে উপদেষ্টা বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। তবে পুলিশের কাছে থাকা তথ্যের সঙ্গে গণমাধ্যমের তথ্যের পার্থক্য রয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের দাবি অনুযায়ী, হামলার শিকার শাখার সংখ্যা প্রায় ১০০।
এদিকে জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনায় দুটি মামলা হয়েছে। এসব ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গে উপদেষ্টা জানান, সাম্প্রতিক এসব ঘটনায় দলটির চারজন কর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে সংসদ সদস্যসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। একটি হাসপাতালেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হাসপাতালের মতো স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, যুদ্ধের সময়ও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
অন্যদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। একই দিনে জানুয়ারি থেকে মে পর্যন্ত ১০ দিনভিত্তিক পানি বণ্টনসংক্রান্ত ব্যবস্থার মেয়াদও শেষ হবে।
চুক্তির ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে বলে জানান উপদেষ্টা। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ভারতকেও সমপর্যায়ের কমিটি গঠন করে প্রথম বৈঠকের আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী এ বিষয়ে ভারতের জনশক্তিমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
-টিএস