কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উঁচু দেয়ালের এপাশে অপেক্ষায় স্বজনেরা। কেউ এসেছেন বাবাকে দেখতে, কেউ সন্তানকে, আবার কেউ স্বামীর সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলতে। বয়সের ব্যবধান কিংবা সম্পর্কের ভিন্নতা থাকলেও সবার প্রত্যাশা এক, প্রিয়জনের মুখটি একবার দেখা। প্রতিদিন এমন অপেক্ষার মধ্য দিয়ে সময় কাটে কারাগারের সামনে আসা অসংখ্য মানুষের।
কারাগারের সামনে অপেক্ষমাণ মানুষের সারিতে চোখে পড়ে নানা বয়সী মুখ। সেখানে যেমন রয়েছেন বৃদ্ধ মা-বাবা, তেমনি আছে ছোট ছোট শিশুও। পরিবারের সদস্যের সঙ্গে দেখা করার প্রত্যাশায় কেউ এসেছেন দূরদূরান্ত থেকে, কেউ আবার নিয়মিত আসেন প্রিয়জনের খোঁজ নিতে। কারও হাতে প্রয়োজনীয় জিনিসপত্র, কারও চোখে দীর্ঘ প্রতীক্ষার ছাপ।
একটি শিশুর কাছে বাবা মানে নির্ভরতা, ভালোবাসা ও নিরাপত্তার আশ্রয়। সেই বাবাকে দেখতে কারাগারের সামনে আসা শিশুটির অপেক্ষায় মিশে থাকে নানা অনুভূতি। বাবার সঙ্গে দেখা হলে কী বলবে, কী জানতে চাইবে, তা হয়তো আগেই মনে মনে গুছিয়ে রাখে সে।
৮ বছর বয়সী আব্দুল্লাহ বলে, 'বাবাকে দেখতে এসেছি। বাবার সঙ্গে দেখা হলে কথা বলব। বাবাকে খুব মনে পড়ে।'
শুধু সন্তান নয়, সন্তানের জন্যও কারাগারের সামনে অপেক্ষা করেন অনেক মা। সন্তানের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা তাঁদের প্রতিদিনের ভাবনায় জায়গা করে নেয়। দূরত্ব কিংবা বয়সের বাধা পেরিয়ে তাঁরা ছুটে আসেন কারাগারের ফটকে। কয়েক মুহূর্তের সাক্ষাৎ তাঁদের কাছে হয়ে ওঠে অনেক বড় প্রাপ্তি।
লালবাগ থেকে আসা হালিমা খাতুন বলেন, 'আমার ছেলেকে দেখতে এসেছি। মা হিসেবে সন্তানের জন্য মন তো সব সময়ই কাঁদে। সামনে থেকে একটু দেখতে পারলে মনে কিছুটা শান্তি পাই। সব সময় দোয়া করি, সে যেন ভালো থাকে, দ্রুত জামিন পায়।'
স্বামী-স্ত্রীর সম্পর্কেও এই অপেক্ষার রয়েছে ভিন্ন মাত্রা। সংসারের নানা দায়িত্ব সামলানোর পাশাপাশি প্রিয় মানুষটির সঙ্গে দেখা করার প্রত্যাশায় কারাগারে আসেন অনেক স্ত্রী। তাঁদের কাছে সাক্ষাতের সময়টুকু শুধু কথা বলার সুযোগ নয়, বরং একে অপরের খোঁজখবর নেওয়া এবং মানসিকভাবে পাশে থাকার উপলক্ষ।
হাজারীবাগ থেকে আসা তানজিলা বলেন, 'স্বামীর সঙ্গে দেখা করতে এসেছি। সংসারের অনেক কথা থাকে, পরিবারের খোঁজখবর থাকে। দেখা হলে সেগুলো বলি। অল্প সময়ের জন্য হলেও সামনে থেকে দেখতে পারাটা ভালো লাগে।'
কারাগারের নির্ধারিত নিয়ম মেনে স্বজনদের সঙ্গে বন্দিদের সাক্ষাতের ব্যবস্থা রয়েছে। এ জন্য কারাগারের বাইরে নির্দিষ্ট স্থানে অপেক্ষা করতে দেখা যায় সাক্ষাৎপ্রার্থীদের। কারও অপেক্ষা দীর্ঘ হয়, কারও অপেক্ষার অবসান ঘটে তুলনামূলক দ্রুত। তবে সবার মধ্যেই থাকে প্রিয়জনের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা।
পরিবারের একজন সদস্য কারাগারে থাকলে বদলে যায় পরিবারের স্বাভাবিক ছন্দ। দৈনন্দিন জীবনে তৈরি হয় শূন্যতা, বাড়ে দায়িত্ব ও মানসিক চাপ। সেই বাস্তবতায় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ পরিবারগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কয়েক মিনিটের দেখা, কিছু কথা কিংবা ভালো থাকার আশ্বাস তাঁদের মনে এনে দিতে পারে স্বস্তি।
কারাগারের দেয়াল হয়তো একজন মানুষকে তাঁর পরিচিত পরিবেশ থেকে আলাদা করে রাখে, কিন্তু পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের বন্ধন অটুট থাকে। সেই বন্ধনের টানেই প্রতিদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আসেন নানা বয়সী মানুষ। দেয়ালের এপাশে তাঁদের অপেক্ষা, ওপাশে বন্দিজীবন। মাঝখানে রয়ে যায় ভালোবাসা, মায়া আর প্রিয়জনকে ফিরে পাওয়ার প্রত্যাশা।