বাংলাদেশি রোগীদের চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাতায়াত সহজ করতে মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী করতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে থাই রাষ্ট্রদূত জানান, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
বাংলাদেশি নাগরিকদের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের সহযোগিতার প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অনেক রোগীকে চিকিৎসার জন্য একাধিকবার থাইল্যান্ডে যেতে হয়। তাঁদের সুবিধার্থে মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ জানান তিনি। জবাবে রাষ্ট্রদূত প্রয়োজনীয় চিকিৎসার জন্য বারবার যাতায়াত করতে হয় এমন রোগীদের এ ধরনের ভিসা দেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদা অর্জনে বাংলাদেশের প্রচেষ্টা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ যোগ দেওয়ার আগ্রহের বিষয়টিও আলোচনায় আসে। এসব উদ্যোগে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।
এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়েও আলোচনা হয়। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনে থাইল্যান্ডের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জবাবে থাই রাষ্ট্রদূত এসব বিষয়ে বাংলাদেশের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এফএস