বিজিবির রংপুর রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় চলতি বছরের ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় মাদক ও অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত সুরক্ষায় তৎপর রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মোট ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময়ে চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এ ছাড়া ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ কেজি ৯২ গ্রাম গাঁজা, ৫৪ হাজার ২২০টি ইয়াবা ট্যাবলেট, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল ও ৩ হাজার ৫০৬টি ফেয়ারডিল জব্দ করা হয়েছে।
এ ছাড়া জব্দ করা হয়েছে ২ কেজি ২৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২টি মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬টি ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। বিস্তীর্ণ এই সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রিজিয়নের আওতাধীন ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
এ ছাড়া পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পুশ-ইন প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে। অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সীমান্ত গড়ে তুলতে বিজিবি রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করছেন। এর ফলেই গত ১০ মাসে বিভিন্ন সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র, স্বর্ণ, মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।’
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
-টিএস