নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের। ভারতের পেস আক্রমণে অভিজ্ঞ এই বোলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বিষয়টি গড়িয়েছে রাজনৈতিক অঙ্গনেও।
কংগ্রেসের এক সংসদ সদস্যের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণেই একাদশে রাখা হয়নি সিরাজকে।
তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। ক্ষমতাসীন বিজেপি অবশ্য অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়েছে।
অন্যদিকে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের অনেকেই সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
শুক্রবার কংগ্রেস সংসদ সদস্য ইমরান মাসুদ সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘শোনা যাচ্ছে, ভালো পারফরম্যান্সের পরও তাকে দলে জায়গা দেওয়া হয়নি।
তার নাম সিরাজ, আর সে কারণেই তাকে দলে নেওয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরও যদি তাকে নির্বাচন করা না হয়, তাহলে বৈষম্য স্পষ্ট।’
তবে মাসুদের এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগটি প্রত্যাখ্যান করে বলেন, ‘আমাদের দেশে যোগ্যতার ভিত্তিতেই সুযোগ দেওয়া হয়। কারও ধর্ম বা বর্ণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’
রাজনৈতিক বিতর্কের বাইরেও সিরাজকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটীয় যুক্তিতে প্রশ্ন উঠেছে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে পেসারদের সহায়ক উইকেট বিবেচনায় চার পেসার নিয়ে মাঠে নামে ভারত। কিন্তু সেই চারজনের মধ্যে ছিলেন না সিরাজ। জাসপ্রিত বুমরাহর নেতৃত্বে পেস আক্রমণে ছিলেন আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ ও অংশুল কম্বোজ।
কম্বোজ ৬৯ রানে ২টি এবং আকাশ দীপ ৫৩ রানে ৩টি উইকেট নিলেও প্রথম স্পেলের পর কম্বোজের মাঝারি গতির বোলিংয়ে বাড়তি কিছু দেখা যায়নি। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণ ১০০ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট। এমন পরিস্থিতিতে প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করা এবং ৪৮ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন সিরাজকে কেন বাইরে রাখা হলো, সেই প্রশ্ন উঠেছে।
দ্বিতীয় ইনিংসে উইকেট থেকে সহায়তা কমে গেলে জোরে বল করে ব্যাটারদের চাপে রাখার জন্য প্রসিদ্ধকে বেছে নেওয়া হয়ে থাকলে, সিরাজের মধ্যেও সেই সামর্থ্য রয়েছে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের সবচেয়ে সফল বোলারও তিনি। তার শিকার ৪৩ উইকেট।
সাম্প্রতিক সময়ে ভারতের দুটি বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিরাজের। ২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টে ২০ উইকেট নিয়েছিলেন তিনি। বল করেছেন ১৫৭.১ ওভার। এরপর অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে জাসপ্রিত বুমরাহ ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে মাত্র তিনটি ম্যাচ খেললেও পাঁচ টেস্টে ২৩ উইকেট নিয়ে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেন সিরাজ।
তবে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক একাদশ নির্বাচন নিয়ে কোনো সমস্যা দেখছেন না। প্রথম দিনের খেলা শেষে তিনি বলেন, ওয়েলিংটনের কন্ডিশন বিবেচনা করেই দল নির্বাচন করা হয়েছে। শ্রীলঙ্কা সফরে সিরাজ দুটি টেস্টই খেলেছেন বলেও উল্লেখ করেন তিনি।
কোটাকের ভাষায়, ‘সিরাজের কোনো সমস্যা নেই। দলের ম্যানেজমেন্টের কাছে এটাই ছিল সেরা সম্ভাব্য একাদশ। সেই একাদশ নিয়েই আমরা খেলেছি।’
তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিরাজ ও দলের ব্যবস্থাপনার মধ্যে যোগাযোগের অবনতি হয়েছে। গত জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম চেয়েছিলেন এই পেসার। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্রামের সময় তিনি খুব বেশি বোলিং করেননি, যা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট ছিল না। শ্রীলঙ্কা সিরিজের আগে তার গতি কমে গেছে বলেও মনে করেছিল তারা।
২০২৬ সালে এখন পর্যন্ত তিন টেস্টে ২৮.৬০ গড়ে পাঁচ উইকেট নিয়েছেন সিরাজ। চণ্ডীগড়ে আফগানিস্তানের বিপক্ষে একটি এবং গল ও কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দুটি করে উইকেট পান তিনি। সর্বশেষ ১৫ নভেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে ওয়ানডে ম্যাচে ৫০ রান দিয়ে নিয়েছিলেন দুটি উইকেট।
সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আশা করি ভারত শক্তভাবে ঘুরে দাঁড়াবে। তবে পেস, দক্ষতা ও সুইং যদি বিবেচনার বিষয় হয়ে থাকে, আর ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করাও যদি কঠিন হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠবেই, মোহাম্মদ সিরাজ কোথায়? অভিজ্ঞতা, আগ্রাসন এবং বল হাতে ম্যাচের পরিস্থিতি বদলে দেওয়ার সামর্থ্য নিশ্চয়ই গুরুত্বপূর্ণ।’
সাবেক ওপেনার ওয়াসিম জাফরও সিরাজকে বাদ দেওয়াকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘জাদেজার পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে নেওয়ার যুক্তি বুঝতে পারি, বিশেষ করে নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারদের কথা বিবেচনা করলে। কিন্তু সিরাজকে বাদ দেওয়া একেবারেই বিস্ময়কর।’
ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেন, ‘সিরাজকে বাদ দেওয়ায় আমি হতবাক ও হতাশ। বুমরাহর অনুপস্থিতিতে সে পেস আক্রমণের দায়িত্ব সামলেছে, দলের ইতিবাচক একজন সদস্য হিসেবে নিজের সামর্থ্য প্রমাণ করেছে। কম্বোজের জন্য শুভকামনা, তবে আশা করি সিরাজের সঙ্গে এ নিয়ে খোলামেলা আলোচনা হবে।’
ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও সিরাজের প্রতি সমর্থন জানিয়েছেন। তার মতে, বুমরাহর অনুপস্থিতিতে সিরাজের পারফরম্যান্স, প্রতিশ্রুতি ও লড়াকু মানসিকতা তাকে আরও ভালো বিবেচনার দাবিদার করে তুলেছে। কম্বোজকে শুভকামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তের বিষয়ে সিরাজকে যথাযথ ব্যাখ্যা ও সম্মান দেওয়া হবে।
সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মন্তব্য ছিল আরও কড়া। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘এক মাস ধরেই সিরাজকে বাদ দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপের দল থেকেও তাকে বাদ দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটা তো কেবল ট্রেলার।’
শামি ও সরফরাজের বিষয়টি আলাদা
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সিরাজের বাদ পড়ার সঙ্গে মোহাম্মদ শামি ও সরফরাজ খানের দলে না থাকার বিষয়টিও মিলিয়ে দেখছেন। তবে এই তিনটি ঘটনা এক নয়।
সিরাজ সফরের দলে জায়গা পেয়েও একটি ম্যাচের একাদশে সুযোগ পাননি। সরফরাজ ছিলেন টেস্ট স্কোয়াডের বাইরেই। আর শামি ৭ নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
অবসরের আগে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলে দীর্ঘ সময় বোলিং করার সামর্থ্য নিয়ে ওঠা প্রশ্নের জবাবও দিয়েছিলেন শামি। তবে ৩৬ বছর বয়সী ভুবনেশ্বর কুমারকে টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনার ঘটনা দেখায়, অভিজ্ঞ পেসারদের বিবেচনায় রাখতে আপত্তি নেই নির্বাচকদের। যদিও টি-টোয়েন্টিতে একজন বোলারকে সর্বোচ্চ চার ওভার করতে হয়।
অন্যদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরার পর শামির টেস্ট ক্রিকেটে কয়েক দিন ধরে বারবার বোলিং করার সক্ষমতা নিয়ে নির্বাচকদের সংশয় ছিল বলে জানা গেছে। নতুন প্রজন্মের বোলারদের গড়ে তোলার পরিকল্পনায় টি-টোয়েন্টিতেও তিনি খুব একটা বিবেচনায় ছিলেন না।
সরফরাজ ঘরোয়া ক্রিকেটে রান করার পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছেন। এরপরও টেস্ট দলে ফিরতে না পেরে সম্প্রতি প্রশ্ন তুলেছেন, জাতীয় দলে ফেরার জন্য তাকে আর কী করতে হবে। ২০২৪ সালে মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল তার সর্বশেষ টেস্ট। এরপর অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে গেলেও খেলার সুযোগ পাননি। পুনে ও মুম্বাইয়ে খেলা সর্বশেষ চার টেস্ট ইনিংসে তার রান ছিল ১১, ৯, ০ ও ১।
সরফরাজ বলেন, ‘কোনো নির্বাচক সরাসরি এমন কিছু বলেননি। তবে আমি যখন ভারতীয় দলের সঙ্গে ছিলাম, তখন শুধু শুনেছি, তারা আমাকে ভারতের কন্ডিশনের জন্য বেশি বিবেচনা করছেন।’