অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (GTA VI) মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় সূচনা করেছে বলে দাবি করা হয়েছে। এর মধ্য দিয়ে গেমটি আগের সব রেকর্ড—এমনকি ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’ (GTA V)-এর গড়া মাইলফলকও ছাড়িয়ে গেছে।
গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, প্রি-রিলিজ ও মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে GTA VI-এর মোট ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে। বিশ্বজুড়ে ব্যাপক উন্মাদনা ও সমালোচকদের প্রশংসার মধ্য দিয়ে বাজারে এসেছে গেমটি।
প্রথম দিনে GTA VI-এর এই আয় ২০১৩ সালে মুক্তি পাওয়া GTA V-এর প্রথম দিনের আনুমানিক ৮০ কোটি ডলারের আয়ের প্রায় পাঁচ গুণ। এমনকি ২৪ ঘণ্টায় গেমটির আয় মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিশ্বব্যাপী মোট বক্স অফিস আয়—প্রায় ২.৯৪ বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করা হচ্ছে।
গল্প, নির্মাতা ও গেমারদের উন্মাদনা
কাল্পনিক ভাইস সিটি শহরকে কেন্দ্র করে তৈরি গেমটির কাহিনি এগিয়েছে দুই অপরাধী চরিত্র লুসিয়া ও জেসনকে ঘিরে। রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার গেমটির মুক্তিকে স্টুডিওর জন্য একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।
রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ। ‘রেড ডেড রিডেম্পশন’ ও ‘এনবিএ টু-কে’-এর মতো জনপ্রিয় গেম সিরিজের প্রকাশক প্রতিষ্ঠানটি। GTA VI নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সে হিসাবে এটি বিনোদন জগতের অন্যতম ব্যয়বহুল প্রকল্প।
গেমটি নিয়ে গেমারদের উন্মাদনাও ব্যাপক। গেমটি টানা খেলার জন্য অনেকেই অফিস থেকে ছুটি নিয়েছেন। এমনকি সঙ্গীদের সঙ্গে আগে থেকেই সময় ভাগাভাগি করে নেওয়ার মতো ঘটনাও আলোচনায় এসেছে।
প্রি-অর্ডার ও ভবিষ্যৎ পরিকল্পনা
গত জুনে গেমটির প্রি-অর্ডার শুরু হলেও বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে আগস্টে ‘জিটিএ সিক্স: অ্যান এক্সটেন্ডেড লুক’ শিরোনামে প্রচারমূলক ট্রেলার প্রকাশের পর প্রি-অর্ডার ছয় গুণ বেড়ে যায় বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিনিয়োগকারীরা এখন গেমটির পিসি সংস্করণ এবং নতুন ‘জিটিএ অনলাইন’ চালুর বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন। অনেক বিশ্লেষকের ধারণা, ২০২৭ সালে এই দুটি সংস্করণ বা সেবা চালু হতে পারে।
-টি/এস