ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে পাকিস্তান। শুক্রবার চতুর্থ দিনের সকালে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেওয়ার পর জয়ের জন্য পাওয়া ৯০ রানের লক্ষ্য মাত্র ১৩ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিকরা।

চলতি বছরে এটিই পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়।
আগের দিন ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা।

ইনিংস হার এড়ালেও চতুর্থ দিনের সকালে স্কোরবোর্ডে আর মাত্র ৭ রান যোগ করতে পেরেছে তারা। ৩১৬ রানে থামে সফরকারীদের দ্বিতীয় ইনিংস।
দিনের শুরুতে লিড আরও বাড়ানোর আশা দেখাচ্ছিল শ্রীলঙ্কা। মিলান রত্নায়েকের একটি বাউন্ডারিতে সেই ইঙ্গিতও ছিল।

তবে দ্বিতীয় ওভারেই মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন আসিথা ফার্নান্দো। তার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
শেষ পর্যন্ত ৮৮ বলে ১২টি চারসহ ৬৬ রানে অপরাজিত থাকেন রত্নায়েকে। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল আব্বাস। ৫৫ রানে ৩ উইকেট নেন তিনি। আমের জামালও ৬৭ রানে শিকার করেন ৩ উইকেট। রজাউল্লাহর ঝুলিতে যায় ২ উইকেট, ১১৬ রান খরচায়।

জয়ের জন্য ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই দুই উইকেট হারায় পাকিস্তান। তায়্যব আরিফ ১৩ এবং মোহাম্মদ তাহা ফেরেন ৪ রান করে। তবে তাতে জয়ের পথে বাধা তৈরি হয়নি।

আমের জামাল ৩৪ ও আজান আওয়াইস ৩২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। প্রভাত জয়াসুরিয়ার বলে বাউন্ডারি মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন জামাল।

এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। সবুজ ঘাসে ঢাকা উইকেটে স্বাগতিকদের চার পেসার দুর্দান্ত বোলিং করেন। পরে নিজেদের প্রথম ইনিংসে ৩২৫ রান তোলে পাকিস্তান। ফলে বড় লিড নিয়ে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে তারা।

দ্বিতীয় ইনিংসে মিলান রত্নায়েকে, সোনাল দিনুশা ও অধিনায়ক কুশল মেন্ডিসের অর্ধশতকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শ্রীলঙ্কা। তাতে ইনিংস ব্যবধানে হার এড়াতে পারলেও পাকিস্তানের জয় ঠেকানো সম্ভব হয়নি।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয়েছিল, সেটি ড্র হয়। ফলে শেষ টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এটিই পাকিস্তানের প্রথম সিরিজ জয়। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করেছিল তারা। বাংলাদেশের কাছে ২-০ এবং ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝