ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেসি-ম্যারাডোনার সঙ্গে তুলনা, নিকো পাজকে নিয়ে মুগ্ধ ভেরন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম
X

আর্জেন্টিনার ফুটবলে কিংবদন্তির অভাব নেই। দিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি—প্রজন্মের পর প্রজন্ম বিশ্ব ফুটবলকে মুগ্ধ করেছেন দেশটির প্রতিভাবান ফুটবলাররা। এবার সেই তালিকায় নতুন এক নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা। তিনি নিকো পাজ। মাত্র ২২ বছর বয়সেই তার ফুটবলীয় প্রতিভায় এতটাই মুগ্ধ আর্জেন্টিনার সাবেক তারকা হুয়ান সেবাস্তিয়ান ভেরন যে, প্রশংসা করতে গিয়ে টেনে এনেছেন মেসি ও ম্যারাডোনার নাম।

ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্তে দেওয়া সাক্ষাৎকারে কোমোর আক্রমণাত্মক মিডফিল্ডার পাজের ভূয়সী প্রশংসা করেছেন ভেরন। তরুণ এই ফুটবলারের বয়স, মাঠের প্রভাব ও ফুটবলীয় পরিণতিবোধ দেখে বিস্মিত তিনি। ভেরনের চোখে, এত অল্প বয়সে এমন সামর্থ্যের পরিচয় দিতে পেরেছেন কেবল দুজন কিংবদন্তি।

ভেরন বলেন, ‘২২ বছর বয়সে এমন কিছু করতে আমি কেবল মেসি ও এক নির্দিষ্ট দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকেই দেখেছি।’

তবে মেসি-ম্যারাডোনার নাম উচ্চারণ করলেও পাজকে এখনই তাঁদের সমপর্যায়ে বসাতে নারাজ ভেরন। কারণ, ওই দুই কিংবদন্তির উচ্চতায় পৌঁছানো যে কোনো ফুটবলারের জন্যই প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। তবে পাজের মধ্যে সেই পথে এগিয়ে যাওয়ার মতো প্রতিভা ও মানসিকতা দেখতে পাচ্ছেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজের পেশাদারত্ব ধরে রাখা।

তরুণ এই ফুটবলারকে নিয়ে ভেরনের প্রত্যাশা, ‘যদি সে এখনকার মতো পেশাদার আচরণ চালিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যৎ তারই।’

পাজকে কেন এতটা আলাদা মনে হচ্ছে ভেরনের? এর উত্তর লুকিয়ে আছে মাঠে তার উপস্থিতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়। প্রতিপক্ষের কঠোর মার্কিংয়ের মধ্যেও সতীর্থরা নির্দ্বিধায় তার পায়ে বল তুলে দেন। কারণ, তাঁরা জানেন, চাপের মুখেও ড্রিবলিং করে বেরিয়ে আসতে পারেন পাজ। শুধু বল নিয়ন্ত্রণ কিংবা প্রতিপক্ষকে কাটানো নয়, কখন কোথায় থাকতে হবে এবং কীভাবে আক্রমণ সাজাতে হবে—এসব বিষয়েও তার রয়েছে সহজাত দক্ষতা।

পাজের মধ্যে নিজের ছায়াও খুঁজে পেয়েছেন ভেরন। তবে তার মতে, কিছু ক্ষেত্রে এই তরুণ যেন তাঁকেও ছাড়িয়ে গেছেন। নিজের সঙ্গে পাজের তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি স্বীকার করছি, নিকো পাজ যেন ২০ মিটার এগিয়ে থাকা ভেরন। শট নেওয়া, গোল করা, অ্যাসিস্ট কিংবা থ্রু বল বাড়ানোর ক্ষেত্রে সে স্বাধীন।’

তবে প্রশংসার জোয়ারে পাজকে ভাসিয়ে দিতে চান না ভেরন। বরং তরুণ প্রতিভাকে ঘিরে অতিরিক্ত প্রত্যাশা তৈরির বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তিনি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতোই তাঁর বিশ্বাস, অল্প বয়সী ফুটবলারদের বিকাশের জন্য সময় ও স্বাভাবিক পরিবেশ প্রয়োজন। অতীতে ম্যারাডোনা কিংবা ওমার সিভোরির সঙ্গে তুলনার চাপে অনেক প্রতিভাবান আর্জেন্টাইন প্লে-মেকার নিজেদের সামর্থ্য অনুযায়ী এগোতে পারেননি।

তাই পাজের ক্ষেত্রে তাড়াহুড়ো নয়, ধৈর্যের পক্ষেই ভেরন। তাঁর পরামর্শ, ‘তাদের শান্ত থাকতে দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কিছুটা ভাগ্যেরও প্রয়োজন।’

এদিকে আর্জেন্টিনার আরেক তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও মূল্যায়ন করেছেন ভেরন। ড্রিবলিং, গতি ও কারিগরি দক্ষতায় মুগ্ধ হলেও তাঁর মতে, পাজের তুলনায় এখনো কিছুটা পিছিয়ে রয়েছেন মাস্তানতুয়োনো। তবে বয়সের পার্থক্য বিবেচনায় সেটিকে স্বাভাবিকই মনে করছেন তিনি। ২০০৭ সালে জন্ম নেওয়া এই ফুটবলার এখনো নিজের খেলাকে আরও পরিণত করার পথে রয়েছেন। ফিওরেন্তিনায় নিয়মিত খেলার সুযোগ তাঁর উন্নতির জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন ভেরন।

মাস্তানতুয়োনোর সামর্থ্য নিয়ে তাঁর মূল্যায়ন, ‘তার অসাধারণ কিছু গুণ আছে। সে সহজেই ড্রিবল করতে পারে, দ্রুতগতির এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার দারুণ গতি আছে। তবে নিকো পাজের তুলনায় সে এখনো কিছুটা কম পরিণত। এটা স্বাভাবিক, কারণ তার জন্ম ২০০৭ সালে, পাজের চেয়ে সে তিন বছরের ছোট।’

আর্জেন্টিনা ফুটবলে নতুন প্রতিভার আবির্ভাব অবশ্য নতুন কিছু নয়। কিন্তু মেসি ও ম্যারাডোনার মতো কিংবদন্তির নাম যখন কোনো তরুণকে ঘিরে উচ্চারিত হয়, তখন প্রত্যাশার পারদও বেড়ে যায় বহুগুণ। ভেরন সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিতে চান না। বরং নিকো পাজকে নিজের গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে চান তিনি। কারণ, কিংবদন্তি হয়ে ওঠার জন্য প্রতিভাই যথেষ্ট নয়; প্রয়োজন সময়, ধারাবাহিকতা ও সঠিক পথচলা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝