ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম
X

পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা পর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন দুই পক্ষ। এ ছাড়া বেড়ার সম্ভপুরেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

গত বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় আজ সকাল থেকেই ওই মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে আজ দুইপক্ষ সংঘর্ষে জড়ায়।

আজ বিকেল চারটায় প্রতিবেদন লেখা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা বৃশালিখা মহল্লার প্রবেশমুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছেন। অন্যদিকে মহল্লার প্রবেশমুখের কিছুটা দূরে নৌকা চত্বরে ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিলেন বিএনপির নেতা–কর্মীরা।

এদিকে তিন দিনের পরিস্থিতি নিয়ে আজ দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা পরিষদে বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও সমাধানের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বেড়া পৌর এলাকার সম্ভপুর, পায়না মহল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে এসে অবস্থান নেন।

খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা এসে ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা সেখান থেকে সরে যান। পরে পায়না ও সম্ভপুর মহল্লার কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই দিন পৌর এলাকার বৃশালিখা মহল্লা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতা–কর্মীরা তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই দিন রাতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর গতকাল শুক্রবার পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কয়েকটি ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌরসভার বৃশালিখা, সম্ভপুর ও পায়না মহল্লা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–অধ্যুষিত। অন্যদিকে পৌরসভার হাতিগাড়া মহল্লাটি বিএনপি–অধ্যুষিত হিসেবে পরিচিত। বেড়া থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঘিরে দুই দলের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বেড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাজেদুল ইসলাম বলেন, ‘বিনা উসকানিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় অশান্তি সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখে এভাবে সংঘর্ষ ও সহিংসতা চলতে পারে না।’

টানা তিন দিনের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ঘটনায় বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। সংঘর্ষের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা দোকানপাটে লুটপাট চালাতে পারে, এমন আশঙ্কায় ব্যবসায়ীরা বেশির ভাগ সময় দোকান বন্ধ রাখছেন। অনেকে রাত জেগে নিজেদের দোকানপাট পাহারা দিচ্ছেন।

বেড়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘তিন দিন ধরে সংঘর্ষ ও উত্তেজনার কারণে বাজারের ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। ব্যবসায়ীরা আতঙ্কে দোকান খুলতে পারছেন না। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।’

পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতারা। এদিকে আজ বৃশালিখায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও এসআরবি সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।

আজ বেলা দেড়টার দিকে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলাম। হঠাৎ করে এখন আবার পরিস্থিতি খারাপের কথা শুনতে পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আশা করি, পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝