একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নাশকতা প্রতিহত করতে গ্রাম পুলিশকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের চিরাচরিত স্বভাব অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো, মানুষ হত্যা এবং বাস ও থানায় আগুন দেওয়া। এসব নাশকতা প্রতিহত করতে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।’
গ্রাম পুলিশদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা পোশাকধারী সরকারি কর্মী। তাই আপনাদের মনোবল শক্ত রাখতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ।’
কোনো এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেলে প্রয়োজনে ওয়ার্ড পর্যায় থেকে ফোনে বার্তা পাঠিয়ে একত্রিত হয়ে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ অতন্দ্র প্রহরী ও মূল চালিকাশক্তি।
নান্দাইলে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নান্দাইল থানার ১৩টি ইউনিয়নে পুলিশ সদস্য আছেন ৬০ থেকে ৬৫ জন, কিন্তু আপনারা সংখ্যায় ১৩০ জন। আপনারা এলাকার সবার সঙ্গে সুসম্পর্ক রাখবেন। তবে মাদক কারবারি ও জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের পুলিশের হাতে তুলে দেবেন।’
তিনি আরও বলেন, ‘যে মাদক কারবারি বা সেবনকারী পরিবার ও সমাজ ধ্বংস করে দিচ্ছে, তাদের সঙ্গে থাকা যাবে না। তারা জেলে থাকুক, এলাকাবাসী শান্তিতে থাকুক।’
বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা সমাজে মাদক ও জুয়ার যে ভয়াবহ অবস্থা সৃষ্টি করে গেছে, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আপনারাই কেবল তা নির্মূল করতে পারবেন।’
-টিএস