ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুমিল্লার শিশু অপ্রতিম হত্যা মামলার অভিযোগ গঠন ২৯ নভেম্বর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কুমিল্লায় আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার অভিযোগ গঠন হবে আগামী ২৯ নভেম্বর। এর মধ্য দিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এ হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি কাইমুল হক রিংকু।

তিনি জানান, মামলার চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং দুজন প্রাপ্তবয়স্ক। বয়সের ভিত্তিতে তাদের বিচার দুটি পৃথক আদালতে পরিচালিত হবে।

কাইমুল হক রিংকু আরও বলেন, আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার ছেলেকে হত্যাকারীদের বিচারকাজ শুরু হওয়ার খবরটি শুনে ভালো লাগছে। আমরা আইন ও আদালতের প্রতি আস্থাশীল। আশা করছি, ন্যায়বিচার পাব।’

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। মায়ের মুঠোফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমকে তার কাছে থাকা মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডে চারজন অংশ নেয়। পরে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর একজন ছাড়া বাকি তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এবার ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝