দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও ৫ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
ড্রোন ও ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দায়িত্ব পালনে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে উড়ন্ত ক্যামেরা, শরীরে ধারণযোগ্য ক্যামেরা এবং অন্যান্য বিশেষ যন্ত্রের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
জননিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত ৫ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এফএস