দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ দফায় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ফলে পাঁচ দফায় মোট দাম কমেছে ১২ হাজার ৭১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১৪ নভেম্বর) নতুন দাম ঘোষণা করে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।
বাজুসের ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে এসব দরে স্বর্ণ ও রুপা বিক্রি হবে।
এসএস