ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কাঠামো নিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:২০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি ও অর্থায়ন কাঠামো নিয়ে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে সরকার। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা ও কারিগরি পর্যায়ের কাজ চলছে। 

ঋণের সম্ভাব্য পরিমাণ, শর্ত এবং সংস্কার কার্যক্রমের ধরন নিয়ে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কাঠামো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। দুই পক্ষের দুটি ওয়ার্কিং গ্রুপ এ নিয়ে কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে আলোচনা শেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারিতে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা রয়েছে।

তিনি বলেন, "সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার ও পাঁচ বছর মেয়াদি উন্নয়ন কর্মসূচির সঙ্গে আইএমএফসহ অন্যান্য উন্নয়ন সহযোগীর অর্থায়ন ও সংস্কার কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করাই মূল লক্ষ্য।"

অর্থমন্ত্রী বলেন, "আইএমএফের শর্তের কারণে আমরা পিছিয়ে গেছি, বিষয়টি এমন নয়। ফ্যাসিস্ট রেজিমের সময়ে আইএমএফের সঙ্গে এই ঋণ কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো একটি নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেক বিষয়ে ধারাবাহিকতা ও সুনির্দিষ্ট ক্রম (সিকোয়েন্সিং) বজায় রেখে সংস্কার করতে হবে। এ জন্য সময়ের প্রয়োজন।"

তিনি আরও বলেন, "আমি যদি রাতারাতি এসব সংস্কার করতে চাই, তাহলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যার ভোগান্তি জনগণকে পোহাতে হবে। এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়বেন। অনির্বাচিত সরকারের তো জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। তারা যেভাবে চেয়েছে, সেভাবেই চলতে চেয়েছে।"

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের বিষয়টি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, "বিশ্বে বড় ধরনের পরিবর্তন এসেছে, প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা যে অর্থনৈতিক কাঠামো তৈরি করেছি, পাঁচ বছর মেয়াদি উন্নয়ন কর্মসূচি নিয়েছি, তার সঙ্গে সব উন্নয়ন সহযোগীর সমন্বয় থাকতে হবে। বিশ্বব্যাংক, এডিবি, জাইকা এবং অন্যান্য উন্নয়ন সহযোগী আমাদের এই কর্মসূচির সঙ্গে সমন্বয় করছে। আইএমএফও সমন্বয় করছে।"

আইএমএফের সঙ্গে মতপার্থক্যের কথা স্বীকার করে তিনি বলেন, "কিছু কিছু বিষয়ে আইএমএফের সঙ্গে আমাদের মতপার্থক্য রয়েছে। সেগুলো নিয়ে কাজ চলছে। এ জন্য দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি, জানুয়ারির মধ্যে এসব আলোচনা শেষ হবে। আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার কোনো বিষয় আলোচনায় আসেনি।"

অর্থমন্ত্রী আরও বলেন, "আমাদের মূল বিষয় হচ্ছে, সব উন্নয়ন সহযোগীর কর্মসূচির মধ্যে সমন্বয় নিশ্চিত করা। যত বেশি সমন্বয় করা যাবে, আমাদের পরিকল্পনাগুলো তত ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। আমার উন্নয়ন কর্মসূচির সঙ্গে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি ও অন্যান্য উন্নয়ন সহযোগীর কর্মসূচির সমন্বয় না থাকলে আমি কীভাবে তা বাস্তবায়ন করব?"

পুরোনো ঋণ কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা

আইএমএফের সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কাঠামো নিয়ে আলোচনার পটভূমিতে রয়েছে বিদ্যমান ঋণ কর্মসূচির শর্ত ও সংস্কার কার্যক্রম নিয়ে সরকারের আপত্তি।

২০২৩ সালের জানুয়ারিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তি করে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে এ ঋণ কর্মসূচির আকার বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়।

এ কর্মসূচির আওতায় বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচ কিস্তিতে প্রায় ৩৮০ কোটি ডলার পেয়েছে। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে জটিলতা তৈরি হয়। গত বছরের নভেম্বরে আইএমএফের সঙ্গে আলোচনা স্থগিত হয়ে যায়। পরে নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

চলতি বছরের মে মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকার বিদ্যমান ঋণ কর্মসূচির শর্ত ও সংস্কার কার্যক্রম পুনর্বিবেচনার উদ্যোগ নেয়। সরকারের অবস্থান ছিল, আগের কর্মসূচির কিছু শর্ত ও সংস্কার কার্যক্রম বর্তমান অর্থনৈতিক অগ্রাধিকার এবং নীতিগত অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

এরপর ৩ জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইএমএফের কাছে নতুন ঋণ কর্মসূচির আবেদন করে। আইএমএফের বাংলাদেশ মিশনপ্রধান আইভো ক্রজনার তখন জানান, বাংলাদেশের নতুন অর্থায়ন কর্মসূচির অনুরোধ পেয়েছে সংস্থাটি। দেশের বৈদেশিক লেনদেনের প্রয়োজন, অর্থনৈতিক পরিস্থিতি এবং বিশ্বাসযোগ্য সংস্কার কর্মসূচির ভিত্তিতে নতুন ঋণ কাঠামো বিবেচনা করা হবে।

নতুন ঋণে ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের আলোচনা

নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য আকার ৪৫০ কোটি থেকে ৫০০ কোটি ডলার হতে পারে বলে এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে ঋণের পরিমাণ, মেয়াদ ও শর্ত নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

গত জুলাইয়ে আইএমএফের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। ওই সফরে নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য কাঠামো ও সংস্কারের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়। অর্থমন্ত্রী তখন জানিয়েছিলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সংস্কার করতে চায় সরকার। আইএমএফও সংস্কার বাস্তবায়নে পর্যায়ক্রমিক পদ্ধতির বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছিল।

নতুন কর্মসূচিতে রাজস্ব আয় বৃদ্ধি, ব্যাংক খাতের সংস্কার, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং ভর্তুকি ব্যবস্থাপনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

গত ১৫ অক্টোবর আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক সোনালি জৈন-চন্দ্র জানান, বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত প্রায় ৭ শতাংশে নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন পর্যায়ে। এ অবস্থায় রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি আর্থিক খাতের দুর্বলতা কাটাতে কার্যকর সংস্কার প্রয়োজন।

এর আগে অক্টোবর মাসে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার সময় দুই পক্ষের মধ্যে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সেখানে বিনিময় হার ব্যবস্থাপনা, ব্যাংক খাতের সংস্কার, বিদ্যুৎ ও সারে ভর্তুকি কমানো এবং রাজস্ব আহরণ বাড়ানোর বিষয়গুলো আলোচনায় আসে।

শুধু আইএমএফের ঋণ নয়, লক্ষ্য বৃহত্তর অর্থায়ন কাঠামো

সরকারের নতুন উদ্যোগ শুধু আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংকসহ (আইডিবি) বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে অর্থায়ন পাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

পাশাপাশি আন্তর্জাতিক বন্ডবাজার থেকে অর্থ সংগ্রহ এবং দ্বিপক্ষীয় অর্থায়নের বিকল্প নিয়েও কাজ করছে সরকার। গত ১১ ও ১২ নভেম্বর অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে এ ধরনের সমন্বিত অর্থায়ন কাঠামোর কথা জানিয়েছিলেন।

এদিকে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, সুদ ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব আয়ের সীমাবদ্ধতার মধ্যে নতুন ঋণ কাঠামো নিয়ে সরকারের আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনা, ঋণের ঝুঁকি কমানো, আন্তর্জাতিক বন্ডবাজার থেকে অর্থ সংগ্রহ এবং বিকল্প অর্থায়নের উৎস খুঁজে বের করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝