ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেটলাইফ ফাউন্ডেশন ও ডিসিএফের উদ্যোগে প্রকাশিত হলো দুটি ব্রেইল বই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম
X

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য পাঠ্যসামগ্রীর সহজলভ্যতা বাড়াতে মেটলাইফ ফাউন্ডেশন ও ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ) যৌথভাবে দুটি বাংলা ব্রেইল বই প্রকাশ করেছে।

২০০৫ সালে প্রতিষ্ঠিত ডিসিএফ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি পাঠ্যসামগ্রীর সহজলভ্যতা বাড়াতে একটি ব্রেইল প্রিন্টিং প্রেসও পরিচালনা করছে।

দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য ব্রেইল বইয়ের সহজলভ্যতা তাদের স্বাধীনভাবে পড়া, শেখা ও সাহিত্যচর্চার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের পাঠ্যসামগ্রীর পরিধি বাড়লে শিশুদের সাক্ষরতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারের পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সঙ্গেও তাদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।

প্রকাশিত বই দুটি হলো ‘নির্বাচিত রূপকথা’ এবং ‘কাজী নজরুল ইসলামের কবিতা’। বইগুলো বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি, স্কুল ও প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা মানসম্মত পাঠ্যসামগ্রী ব্যবহারের পাশাপাশি দেশের বিশিষ্ট সাহিত্যিকদের সৃষ্টিকর্ম পড়ার ও উপভোগ করার সুযোগ পাবে।

এই অংশীদারিত্বের আওতায় মেটলাইফ ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধী তরুণদের জন্য একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা করছে। কর্মসূচিটির লক্ষ্য হলো, তাদের প্রয়োজনীয় দক্ষতায় প্রশিক্ষিত করে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়তা করা।

ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসরিন জাহান বলেন, “প্রতিটি শিশুরই পড়া ও শেখার আনন্দ উপভোগ করার সুযোগ থাকা উচিত। মেটলাইফ ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা ব্রেইল বইয়ের সহজলভ্যতা বাড়াচ্ছি এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সঙ্গে আরও স্বাধীনভাবে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করছি।”

এ উদ্যোগ সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সবার জন্য সমানভাবে সহজলভ্য হওয়া উচিত। ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের সঙ্গে মেটলাইফ ফাউন্ডেশনের এই অংশীদারিত্ব দৃষ্টি প্রতিবন্ধী শিশু ও তরুণদের পাঠ্যসামগ্রী ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে। এর মাধ্যমে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন ও লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে পারবে।”

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝