ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শীতের সবজিতে ভরছে বাজার, দাম কমলেও স্বস্তি মেলেনি পুরোপুরি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:৫১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর কাঁচাবাজারগুলোতে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। ফুলকপি, বাঁধাকপি, মুলা ও নতুন আলুর দেখা মিললেও কমতে শুরু করেছে এসব পণ্যের দাম। এমনকি নতুন আলু ও কাঁচা মরিচের ঝাঁজও কিছুটা কমেছে। তবে বাজারে সবজির সরবরাহ বাড়লেও ক্রেতাদের মনে পুরোপুরি স্বস্তি ফেরেনি। চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন ও টমেটোর মতো কিছু নিত্যপণ্য।

শুক্রবার রাজধানীর কাপ্তানবাজার, কারওয়ানবাজার, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে এখন বড় আকারের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায় এবং ছোট ও মাঝারি আকৃতির কপি মিলছে ৩০ থেকে ৩৫ টাকায়। এছাড়া প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা এবং শিম ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, সরবরাহ বাড়ায় বড় আকারের ফুলকপির দাম ১০ থেকে ১৫ টাকা এবং মুলার দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে।

এদিকে বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। সপ্তাহ দেড়েক আগেও যে নতুন আলু ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন কমে ১২০ টাকায় নেমেছে। তবে প্রতি কেজি পুরোনো আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হওয়ায় নতুন ও পুরোনো আলুর দামে বড় ব্যবধান রয়ে গেছে। পাশাপাশি কাঁচা মরিচের দামেও স্বস্তি মিলেছে; ১২০ টাকার মরিচ এখন ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

শীতের সবজির সরবরাহ বাড়লেও কিছু সবজির দাম এখনও নাগালের বাইরে। নতুন মৌসুমের দেশি টমেটো বাজারে আসতে শুরু করলেও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, আর আমদানি করা টমেটো ১১০ থেকে ১২০ টাকা। মৌসুমের শুরুতে দাম কিছুটা বেশি থাকাটাই স্বাভাবিক বলে জানান বিক্রেতারা। এছাড়া প্রতি কেজি ঢেঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে শাকের বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা রাকিব বলেন, ‘‘কয়েক দিন আগেও ফুলকপি, মুলা ও কাঁচা মরিচ কিনতে বেশি টাকা লেগেছে। এখন দাম কিছুটা কমলেও বেগুন ও টমেটোর মতো কিছু সবজির দাম এখনো চড়া। একসঙ্গে একাধিক সবজি কিনতে গেলে পকেট ভালোই খালি হয়।’’

আরেক ক্রেতা নোমান আহমেদ জানান, কিছু সবজির দাম কমলেও সামগ্রিক বাজার খরচ তেমন কমেনি। আগের বাজেটে যে পরিমাণ বাজার হতো, এখন তা দিয়ে কুলিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে মিরপুর-৬ এর বিক্রেতা মোজাম্মেল হোসেন বলেন, বাজারে শীতের সবজির আগমন বাড়ায় দাম ক্রমান্বয়ে কমছে। আর মিরপুর ৬০ ফিটের বিক্রেতা অনিক জানান, পণ্যের দাম মূলত নির্ভর করে পাইকারি বাজার ও সরবরাহের ওপর। সরবরাহ আরও বাড়লে সামনের দিনে টমেটোসহ বাকি সবজির দামও আরও কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝