ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লবণবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে লবণবোঝাই ট্রাকটি রংপুর যাচ্ছিল। করাতিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। ফলে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
টাঙ্গাইল ট্রাফিক বিভাগের সার্জেন্ট কাউছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।