ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, প্রকাশিত হবে স্মারকগ্রন্থ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর ২০২৬, সোমবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা এতে অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তাঁর ভূমিকা; অর্থনৈতিক দর্শন; নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা এবং তাঁর জীবনের অজানা অধ্যায়সহ মোট ১২টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া তাঁর ব্যক্তিগত স্মৃতিচারণ, রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনায় ভূমিকা, প্রশাসনিক সংস্কার, সুশাসন, মানবিক গুণাবলি, রুচিবোধ ও ব্যক্তিত্বের নানা দিক নিয়েও লেখা আহ্বান করা হয়েছে।

আয়োজকদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা অবশ্যই মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। লেখকেরা নির্ধারিত বিষয়গুলোর আলোকে নিজস্ব দৃষ্টিভঙ্গি, গবেষণা, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরতে পারবেন। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।

লেখা আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে ই-মেইলে পাঠাতে হবে। 
লেখার ঠিকানা: [email protected]

এদিকে বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে একটি তথ্যসমৃদ্ধ ও প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান তথ্য-প্রমাণের ভিত্তিতে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর জীবন ও রাজনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।

নাগরিক সমাজের পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

   
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝