ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নদী দখল ও দূষণমুক্ত করতে সরকারের কঠোর উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:০৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঢাকা ও সারাদেশের নদীগুলোর সৌন্দর্য এবং পরিবেশ ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নদী দখলমুক্ত করার পাশাপাশি দূষণের উৎস বন্ধ, নৌপথ সচল এবং নদীর দুই তীরে জনবান্ধব পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর বসিলায় ‘রান ফর ক্লিন রিভার’ প্রতিপাদ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ওয়াকওয়ে রান-২০২৬ ম্যারাথন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নদী রক্ষার চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে নদী নিয়ে আলাদাভাবে ভাবতে না হলেও বাংলাদেশে নদী রক্ষা করতে রীতিমতো যুদ্ধ করতে হয়।’

তিনি বলেন, সরকারি জমি দখল এবং নদীতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, নদী রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি।

রাজধানীর পাঁচটি নদী সংরক্ষণ ও ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, নদী দখল ও দূষণমুক্ত করে নিয়মিত চক্রাকারে নৌযান চলাচল, নদীগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং দুই তীরে হাঁটার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীকে কেন্দ্র করে এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। নদীর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে মানুষের চলাচল ও অবসর কাটানোর সুযোগ তৈরির পাশাপাশি নদীর তীর সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।


নদীদূষণ নিয়ন্ত্রণে দূষণের উৎস চিহ্নিত করার কাজও চলছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার চারপাশের নদীগুলোতে প্রায় ৪২৬টি দূষণের স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান দিয়ে রাসায়নিক বর্জ্য, তরল বর্জ্য ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে।

এসব বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সরকার নদীগুলোকে শুধু নৌপরিবহনের মাধ্যম হিসেবে নয়, পর্যটন ও বিনোদনের ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে নদীর তীরকে জনবান্ধব ও পরিবেশবান্ধব করার পাশাপাশি নৌযান চলাচলের উপযোগী পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।

ইতিমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। যেসব স্থানে ওয়াকওয়ের সংযোগ অসম্পূর্ণ রয়েছে, সেগুলোও সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৫টি খাল পরিষ্কার, পুনরুদ্ধার ও পানিপ্রবাহ সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। নদী ও খালকে কেন্দ্র করে সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার নদীগুলোকে কেন্দ্র করে নতুন নৌযোগাযোগ ব্যবস্থা, হাঁটার পরিবেশ এবং বিনোদনের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

নদী দখল ও দূষণমুক্ত রাখতে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝