ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
সোমবার (৯ নভেম্বর) সকালে আয়োজিত এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।
সোমবার সকাল থেকেই ঢাকা শহরে অটোরিকশার সংখ্যা কম দেখা যায়। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক যাত্রী প্রয়োজনীয় যানবাহন পাননি। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে কিংবা বিকল্প পরিবহনে গন্তব্যে রওনা হন।
এদিকে, সমাবেশে যোগ দিতে আসা কিছু চালকের বিরুদ্ধে অন্য চালকদের অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে চলন্ত অটোরিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া এবং গাড়ির তার ছিঁড়ে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আয়োজক সংগঠনটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহযোগী সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে প্রচারিত লিফলেটে ‘রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে’ স্লোগান তুলে ধরা হয়েছে।
শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে দ্রুত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদান, চালকদের ড্রাইভিং লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিত করা, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা মিটারের সংযোগ বিচ্ছিন্ন না করা এবং রেকার ও ডাম্পিংয়ের নামে পুলিশি হয়রানি বন্ধ করা।
সংগঠনের নেতারা জানিয়েছেন, সমাবেশ শেষে তাঁদের ১২ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।
শ্রমিকদের দাবি আদায়ের কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট অটোরিকশা সংকটে রাজধানীর সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
এফএস