ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন তিনি।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার পক্ষে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (৯ নভেম্বর) রয়টার্সের দেখা একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

চিঠিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানতে পেরেছেন তারা। এ কারণে তার জন্য নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

একই সঙ্গে, আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী শেখ হাসিনার নাগরিকত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনটি দ্রুত নিষ্পত্তি করার অনুরোধ জানানো হয়েছে।

তবে, গত ৫ নভেম্বর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

অন্যদিকে, ভারত ও বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে সরকার। ভারত তাকে ফেরত দেবে বলে আশা করছে বাংলাদেশ।

গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে, শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: রয়টার্স
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝