চাঁদপুর বড় স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মে এক নারীর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোর ৪টা ৫৬ মিনিটে চাঁদপুর বড় স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফাতেমা আক্তার নামে ফরিদগঞ্জের এক নারী চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এলে দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় তাঁর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন।
ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) ও রাব্বি হোসেন (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরে ৭ নভেম্বর ভোরে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি এলাকা থেকে জাহিদ ওরফে গরু জাহিদ (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর বড় স্টেশনের বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পল্টুনের সুড়ঙ্গ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে সাতটি চেইন, পাঁচটি আংটি, চার জোড়া কানের দুল, দুটি রুলি, একটি গলার হার ও একটি ব্রেসলেট।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, এ ঘটনায় জড়িত কোনো আসামি পলাতক নেই। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এফএস