চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মাইজভান্ডার আমতলী এলাকার বাইস্যে পুলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় মোটরসাইকেলের ছয় আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়। আহত বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জিসান ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী শিকদার বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এফএস