খুলনার ডুমুরিয়া উপজেলায় মাছের ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম শেখকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলামের বাবা আব্দুস সালাম শেখ ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে বসে ছিলেন তরিকুল ইসলাম। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, হত্যাকারীরা তরিকুল ইসলামের পূর্বপরিচিত ছিল। তারা চায়ের দোকানে ঢুকে তাঁর সঙ্গে কথা বলে। একপর্যায়ে তাঁকে একটি সিগারেট খেতে দেওয়া হয়। সিগারেট নেওয়ার সময় তাদের একজন তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুপুরে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের পর মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ডুমুরিয়া থানা-পুলিশকে বিষয়টি জানান। তবে হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।
এসএস/আরএন