তেল ও মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নোয়াখালী-ফেনী সীমান্তবর্তী এলাকায় হুমায়ন কবির (৬০) নামে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরচান্দিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকার উত্তরার একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত হুমায়ন কবির ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। তাঁর নাম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় রয়েছে।
নিহতের ছেলে মিজানুর রহমান জানান, প্রায় ১৫-১৬ দিন আগে নূর আমিন (৩০) নামে এক ব্যক্তির পাম্প মেশিন ভাড়া নিয়ে তাঁদের পুকুরে পানি সেচে মাছ ধরা হয়। এ সময় নূর আমিনের বিরুদ্ধে তেল ও মাছ চুরির অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য জহিরুল হকের উদ্যোগে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।
তিনি আরও জানান, সোমবার বিকেলে তাঁর বাবা প্রতিবেশী আব্দুস ছাত্তারের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় প্রতিপক্ষের ইলিয়াছ (৫৫) ভুলবশত মনে করেন, তাঁকে নিয়ে কথা বলা হচ্ছে। পরে তিনি ফোন করে তাঁর দুই ছেলে নূর আমিন ও শুক্কুরকে ডেকে আনেন। এরপর তাঁরা লোহার রড, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হুমায়ন কবিরের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
এতে হুমায়ন কবিরের মাথায় রডের আঘাত লাগে। কিরিচের কোপ থেকে বাঁচতে সরে গেলেও তাঁর মুখের বাম পাশে ও বাম চোখের নিচে গুরুতর জখম হয়। এ সময় তাঁর পকেটে থাকা মহিষ বিক্রির বায়না বাবদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছে পরিবার।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি ফেনীর সোনাগাজী থানা এলাকায় ঘটেছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সোনাগাজী থানাকে অবহিত করেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মান্না রহমান / এফএস