নোয়াখালীর সুবর্ণচরে নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পুকুর থেকে শামীম হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এর আগে মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল শিশুটি।
নিহত শামীম হোসেন ওই এলাকার হারুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিবারের অজান্তে নিখোঁজ হয় শামীম। পরে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে বুধবার সকালে বাড়ির পুকুরে সেচপাম্প বসিয়ে পানি কমানোর উদ্যোগ নেওয়া হয়। পুকুরের পানি কিছুটা কমে এলে পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তারা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মান্না রহমান/ এফএস