বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে প্রথম টেস্টে জয়ের পর এবার সিলেটে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় ক্যারিবীয়রা। ২-০ ব্যবধানে সিরিজ জিতলে সেটি দলের জন্য বড়দিনের বিশেষ উপহার হবে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে কথা বলেন স্যামি। প্রথম টেস্টে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান, জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য।
সিলেটের উইকেট নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করতে চান না ক্যারিবীয় কোচ। পিচে ঘাসের উপস্থিতি থাকলেও এটি ব্যাটারদের জন্য সহায়ক হতে পারে বলে মনে করছেন তিনি।
স্যামি বলেন, গতকাল পিচ দেখেছেন তারা। তবে ম্যাচের দিনই উইকেটের প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঢাকায় প্রথম টেস্টের আগে সকালে উইকেট দেখে একাদশ চূড়ান্ত করতে হয়েছিল। এবারও কন্ডিশন বিবেচনায় পরিকল্পনা সাজানো রয়েছে। কারা খেলবেন, সে বিষয়েও খেলোয়াড়দের ধারণা রয়েছে।
তিনি আরও বলেন, সিলেটের মাঠের অতীত রেকর্ড বিবেচনায় ব্যাটারদের জন্য রান করার ভালো সুযোগ থাকতে পারে। যদিও পিচে ঘাসের উপস্থিতি রয়েছে, তাই চূড়ান্ত মূল্যায়নের জন্য ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে ধারাবাহিক করার ওপর গুরুত্ব দিচ্ছেন স্যামি। তাঁর মতে, ভিন্ন পরিবেশে ভালো পারফরম্যান্স করতে হলে প্রথমেই সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।
এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কোচ বলেন, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে দায়িত্ব নেওয়ার পর দল হিসেবে ধারাবাহিকতা অর্জনকে প্রধান লক্ষ্য করেছেন তিনি। নতুন পরিবেশে গেলে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আগে জানতে ও বুঝতে হয়। এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয় বলেও উল্লেখ করেন তিনি।
এসএস