বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে শক্তিশালী ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার টনি ডি জর্জি ও গতিময় পেসার আনরিখ নরকিয়া। তবে দল থেকে বাদ পড়েছেন ডেভিড বেডিংহাম ও উইকেটকিপার কাইল ভেরেইন।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে মাঠ ছাড়তে হয়েছিল ডি জর্জিকে। চোট কাটিয়ে সুস্থ হয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরছেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে কুঁচকির চোটে পড়া নরকিয়াও দুই সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে দলে ফিরেছেন।
ব্যাটিং বিভাগে বাড়তি শক্তি যোগাতে দলে জায়গা পেয়েছেন জুবায়ের হামজা। অস্ট্রেলিয়া সিরিজে একাদশের বাইরে থাকা কাইল ভেরেইনকে এবার দলে রাখা হয়নি। রায়ান রিকেলটন প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে থাকছেন। তাঁর বিকল্প হিসেবে দলে রয়েছেন ম্যাথু ব্রিটজকে।
পেস আক্রমণে দক্ষিণ আফ্রিকার শক্তি বেশ সমৃদ্ধ। নরকিয়ার পাশাপাশি দলে রয়েছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ ও ডেন প্যাটারসন। তবে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় লুঙ্গি এনগিডিকে বিবেচনায় রাখা হয়নি।
স্পিন বিভাগে জায়গা পেয়েছেন কেশব মহারাজ ও সাইমন হারমার। তবে বাঁহাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামি দলে সুযোগ পাননি। হাইভেল্ডের পেস-সহায়ক উইকেট বিবেচনায় একাদশে একজন বিশেষজ্ঞ স্পিনার খেলানোর সম্ভাবনাই বেশি। ফলে মহারাজ ও হারমারের মধ্যে একাদশে জায়গা পাওয়ার লড়াই হতে পারে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ দুই টেস্টে হারমারকে প্রাধান্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে দীর্ঘদিন দলের প্রধান স্পিনার হিসেবে দায়িত্ব পালন করা মহারাজকে বাদ দেওয়া অধিনায়ক টেম্বা বাভুমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। কোচ শুকরি কনরাডও স্বীকার করেছেন, মহারাজকে একাদশের বাইরে রাখা সহজ ছিল না।
ব্যাটিং অর্ডারেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ডি জর্জি ফেরায় ওপেনিংয়ে এইডেন মার্করামের সঙ্গী হতে পারেন তিনি। সে ক্ষেত্রে তিন নম্বরে খেলতে পারেন মারকেস অ্যাকারম্যান। অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাশা পূরণ করতে না পারায় বাদ পড়েছেন বেডিংহাম।
দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড জানিয়েছেন, হামজাকে দলে নেওয়ার মূল উদ্দেশ্য টপ অর্ডারে বিকল্প ও গভীরতা বাড়ানো। গত এক বছরে ভালো ফর্মে থাকা হামজা দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে ভারত 'এ', ইংল্যান্ড 'এ' ও বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে তিনটি অর্ধশতক করেছেন।
বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর, সুপারস্পোর্ট পার্কে।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের টেস্ট দল-
টেম্বা বাভুমা (অধিনায়ক), মারকেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
এফএস