ওমান উপকূলে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে ড্রোন হামলায় এক নাবিক নিহত হয়েছেন। জাহাজে থাকা অপর ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে ওমানের কোস্টগার্ড। নিহত নাবিক গন্ধর নাহিম আজিজ ভারতের গুজরাটের বাসিন্দা।
মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার ওমান উপকূলের কাছ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি আকাশযানের হামলার শিকার হয় জাহাজটি। এতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন।
সোনোয়াল জানান, হামলার পর ১৩ জন নাবিক নিরাপদে জাহাজ থেকে বেরিয়ে আসেন। পরে ওমানের কোস্টগার্ড তাঁদের উদ্ধার করে। তবে আহত অবস্থায় গন্ধর নাহিম আজিজের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্ত্রী।
এমএসভি আল জুসুফি নামের জাহাজটি ভারতের গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার সালায়া এলাকার। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে পণ্য নিয়ে গুজরাটের পোরবন্দরের উদ্দেশে যাচ্ছিল জাহাজটি। পথে বিস্ফোরকবাহী ড্রোন অথবা ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
সোনোয়াল জানান, ভারতের কেন্দ্রীয় সরকার ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। উদ্ধার হওয়া ১৩ নাবিককে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং নিহত আজিজের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে পণ্যবাহী জাহাজ ও নৌযানে হামলার ঘটনা ঘটছে। এতে ভারতীয় নাবিকেরাও হতাহত হচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহে জানান, সংঘাতপূর্ণ এলাকায় এ পর্যন্ত ২২ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন নাবিক।
সূত্র: এনডিটিভি
এসএস