হরমুজ প্রণালিতে ইরানের অনুমতি ছাড়া চলাচলের সময় নৌমাইনে আঘাত পেয়ে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর খামিরের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে সংস্থাটি।
আইআরজিসির নৌবাহিনীর দাবি, জাহাজ তিনটি হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় নিজেদের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রেখেছিল। ইরানের অনুমতি ছাড়া চলাচলের একপর্যায়ে সেগুলো নৌমাইনে আঘাত পায়। পরে প্রণালির দক্ষিণ উপকূলের কাছে জাহাজগুলোতে আগুন জ্বলতে দেখা যায়।
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ইরানের অনুমতি ছাড়া চলাচলের বিরুদ্ধে বারবার সতর্ক করেছে তেহরান। তবে জাহাজগুলোর নাম, পতাকাবাহী দেশ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনেও আইআরজিসির তিনটি জাহাজে বিস্ফোরণের দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে, ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর খামিরের উপকূলীয় এলাকায় দুটি ‘লুকাস’ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে আইআরজিসি। মঙ্গলবার (৩ নভেম্বর) এ দাবি করা হয়।
এর আগে গত রাতে হরমুজ প্রণালিতেও একটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল আইআরজিসির নৌবাহিনী। তবে ড্রোনগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্যের কথা তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আল জাজিরা
এসএস