গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে এ বিক্ষোভ শুরু করেন তারা। এতে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোর মোড় পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশ থেকে বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে সড়কের ওপর স্তূপ করেন শ্রমিকেরা। পরে তাতে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এমনকি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলেও বাধা দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে অবরোধস্থলেই শ্রমিকদের ক্রিকেট খেলতে দেখা যায়।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ এবং ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করলে বাধার মুখে পড়েন। ফলে শ্রমিকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্যও পাওয়া যায়নি।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সকাল ৮টার কিছু আগে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এ সময় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছিলেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এ আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এফএস