বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের কালিয়াকৈরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় সড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন তারা। এতে মহাসড়কের প্রায় সাত কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন তারা। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। পরে তারা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন।
এর আগে শনিবার সকালে শ্রমিকদের ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়াতে সচেতন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান একটি সভা করেন। সভা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও শিল্প পুলিশ। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে শ্রমিক ও কারখানা মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
এসএস