ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আরব দলগুলোর সঙ্গে জোটে নারাজ নেতানিয়াহু, নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:০৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইসরায়েলের সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর মধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে নির্বাচনের ফলাফল নিয়ে তাঁর দলের অভিযোগ এবং বিরোধীদের পাল্টা বক্তব্যে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লিখেছেন, ‘তাদের সঙ্গে সরকার গঠন করা নিষিদ্ধ।’ নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলোর ভালো ফলাফলের পরও তাদের সঙ্গে জোট গঠনের বিরোধিতা অব্যাহত রেখেছেন তিনি।

নেতানিয়াহুর লিকুদ পার্টি অভিযোগ করেছে, আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনে ‘কারচুপি করে জয় ছিনিয়ে নিয়েছে’। এমনকি এর পেছনে বিদেশি সহায়তা থাকারও অভিযোগ তুলেছে দলটি। তবে এসব অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ জানিয়েছেন, বিদেশি হস্তক্ষেপের বিষয়ে গুরুতর সন্দেহের কথা উল্লেখ করে তাঁকে একটি চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য তিনি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতকে অনুরোধ করেছেন। তবে অভিযোগগুলোর সত্যতা তিনি নিজে নিশ্চিত করতে পারেননি।

নেতানিয়াহুর অভিযোগের সমালোচনা করেছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। তিনি বলেন, নির্বাচনের ফলাফলকে অবৈধ প্রমাণের চেষ্টা করছেন নেতানিয়াহু। এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছেন। ভোটাররা তাঁর সরকারকে প্রত্যাখ্যান করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষক জাভিয়ের আবু ঈদ আলজাজিরাকে বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে নেতানিয়াহু সন্তুষ্ট নন। নিজেকে বিজয়ী দাবি করলেও বাস্তবে তাঁর জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।


ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন।

সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।


নির্বাচনের ফল প্রকাশের পর বৃহস্পতিবার বিরোধী রাজনৈতিক নেতারা নতুন সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেন।

আইজেনকোট তাঁর ইয়াশার পার্টির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে বৈঠক করেন। দ্রুত নতুন সরকার গঠনের উপায় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

এ ছাড়া বিরোধী জোটের ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি ইউনাইটেড আরব লিস্ট বা রা'আম পার্টির নেতা মানসুর আব্বাসের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকের পর এক্সে দেওয়া পোস্টে গোলান বলেন, পরিবর্তন ও ইসরায়েলের মুক্তির সুযোগ হাতছাড়া না করা এখন তাঁদের দায়িত্ব।

আলজাজিরার সংবাদদাতা নূর ওদেহের মতে, আইজেনকোটের সামনে সরকার গঠনের পথ বেশ কঠিন। কারণ তিনি ফিলিস্তিনি-ইসরায়েলি দলগুলোর সঙ্গে জোট বা অংশীদারত্বে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ এসব দলের সমর্থন ছাড়া তাঁর নেতৃত্বাধীন বিরোধী জোটের পক্ষে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব নয়।


রাজনৈতিক বিশ্লেষক জাভিয়ের আবু ঈদের মতে, বিরোধীরা আরব দলগুলোর সঙ্গে সরাসরি জোট গঠন করতে না পারলেও নেসেটের বর্তমান স্পিকারকে পরিবর্তনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারে। বর্তমান স্পিকার নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র। তাঁকে সরানো সম্ভব হলে বিরোধীরা সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারে।

কেন্দ্রীয় নির্বাচন কমিটি বুধবারের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা ও অনুমোদন করার কথা রয়েছে। এরপর রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা আরও এগিয়ে যাওয়ার কথা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটিই ছিল দেশটির প্রথম জাতীয় নির্বাচন। ফলে এই নির্বাচনকে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের ওপর এক ধরনের গণভোট হিসেবেও বিবেচনা করা হচ্ছিল।

  এফএস 



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement