হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে ফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কা করছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী শনিবার (৩১ অক্টোবর) দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফরাসি সরকার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এ ঘোষণা দেন। তিনি বলেন, ৩১ অক্টোবর জনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। এ কারণে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। প্রয়োজনে সাঁজোয়া যান ও জলকামানও ব্যবহার করা হবে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে সাম্প্রতিক সময়ে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভের কিছু অংশে ভাঙচুর, লুটপাট ও দাঙ্গার ঘটনা ঘটেছে। গত শনিবারের বিক্ষোভে দেশজুড়ে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিল বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল এর প্রায় দ্বিগুণ। এর আগের সপ্তাহের বিক্ষোভে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ইয়েলো ভেস্ট আন্দোলন ও শিক্ষার্থী সংগঠনগুলো আগামী শনিবার আবারও দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। আন্দোলনকারীরা জাতীয় সংসদ ও বিভিন্ন নগর ভবনের সামনে সমাবেশ করার পরিকল্পনা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ সতর্ক করে বলেন, হ্যালোইনের মুখোশ ব্যবহার করে কেউ যেন সহিংস কর্মকাণ্ডে জড়াতে না পারে। বিক্ষোভের অনুমতি দেওয়া হলেও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় শহরের কেন্দ্রস্থলে সমাবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে বামপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষের বিষয়েও সরকার সতর্ক রয়েছে। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, উগ্র বামপন্থী গোষ্ঠী ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কিছু কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালোইনের রাতে ‘বিপ্লবের’ ডাক দিয়ে বিক্ষোভের প্রচার চালাচ্ছে। এ ধরনের জমায়েত নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আলজাজিরা / এফএস