নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে পুরোদমে দাপট দেখাচ্ছে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তিন ম্যাচেই তারা কিউইদের পাত্তা দেয়নি। ফলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়েছে তাদের। এরপর উভয় দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে। তার আগে পুরো সিরিজ থেকে তারকা পেসার প্রসিধ কৃষ্ণকে হারিয়েছে শুভমান গিলের দল।
হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সময়মতো সেরে উঠতে পারেননি প্রসিধ। তবে কর্ণাটকের এই পেসার নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় অনানুষ্ঠানিক টেস্টের জন্য ভারত ‘এ’ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। অবশ্য এর আগে তাকে ‘রিটার্ন টু প্লে’ (আরটিপি) মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা পরবর্তী টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হবে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গত ৩০ সেপ্টেম্বর হ্যামস্ট্রিংয়ে চোট পান ডানহাতি এই পেসার। ফলে ৫ ওভার করেই তাকে মাঠ ছাড়তে হয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও, দুটি টেস্ট ম্যাচে পাওয়ার আশা ছাড়ছেন না কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল।
ওয়ানডে দলে প্রসিধের বিকল্প হিসেবে ভারত অবশ্য কারও নাম ঘোষণা করেনি। বিশ্রামে আছেন তারকা পেসার জাসপ্রিত বুমরাহ–ও। এদিকে, প্রথমে ভারতের হয়ে পুরো ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল পেস অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির। এখন বিসিসিআই বলছে, তিনি প্রথম ওয়ানডে খেলেই ‘এ’ দলের স্কোয়াডে যোগ দেবেন, যাতে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টে পাওয়া যায়। এর আগে ওয়ানডে সিরিজ চলবে ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।
প্রথম তিন ওয়ানডেতে ভারতের স্কোয়াড : শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, নমন ধীর, অনশুল কম্বুজ, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ইশান কিষাণ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি।
শেষ দুই ওয়াডের স্কোয়াড : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, কুমার কুশাগ্র, মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।
এসএ