গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় বিএনপি নেতা নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত দেড়টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী থানার চারখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জ থানা-পুলিশের সদস্যরা রাতের টহল শেষে তিন সন্দেহভাজনকে নিয়ে থানায় ফিরছিলেন। রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে সদস্যদের সঙ্গে কথা বলছিলেন স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।
এ সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের ও বিএনপি নেতাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশের এসআই মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। ট্রাকটি থামানোর চেষ্টা করতে গিয়ে অন্য পুলিশ সদস্যরাও গুরুতর আহত হন।
ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ দল অভিযান চালিয়ে ট্রাকচালক মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কালীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার মাজহারুল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. সৈয়দ গাজীর ছেলে। তিনি কনফিডেন্স সিমেন্টের একটি ট্রাক চালাতেন।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশনস) ইকবাল হোসেনের নেতৃত্বে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানায় অভিযান চালানো হয়। এ সময় দুর্ঘটনায় ব্যবহৃত ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ নম্বরের ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকটির হেলপার রাজু শেখকে (২০) গ্রেপ্তার করা হয়।
রাজু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মো. লুৎফুরর শেখের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ট্রাক জব্দ ও হেলপার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, গ্রেপ্তার ট্রাকচালককে পিরোজপুর থেকে কালীগঞ্জ থানায় নিয়ে আসতে পুলিশের দুই উপপরিদর্শক ইব্রাহিম শেখ ও রিয়াদুল ইসলাম সেখানে গেছেন।
এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। দুর্ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমে চালককে গ্রেপ্তার গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
-টিএস/রফিক