ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:১৫ পিএম আপডেট: ২৯.১০.২০২৬ ১২:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। 

মামলায় হানিফসহ চার আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে উসকানি ও প্ররোচনা, হত্যার পরিকল্পনা এবং ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের অভিযোগ আনা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আন্দোলন দমনে বলপ্রয়োগের নির্দেশনার মাধ্যমে আসামিরা এসব অপরাধে ভূমিকা রাখেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের জুলাই মাসে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আন্দোলন দমন-সংক্রান্ত বক্তব্য ও সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছিলেন হানিফ। এ ছাড়া ২৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আন্দোলনকারীদের সন্ত্রাসী ও সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করে তাঁদের বিরুদ্ধে সহিংসতা চালাতে উসকানি ও সহায়তা দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের দাবি, হানিফের নির্দেশনায় ওই বৈঠকে নিরস্ত্র ছাত্র-জনতার আন্দোলন দমনে সর্বোচ্চ বলপ্রয়োগের পরিকল্পনা করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার সম্পৃক্ততার অভিযোগও আনা হয়।

তৃতীয় অভিযোগটি ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও ছয়জনের মৃত্যুর ঘটনা নিয়ে। রাষ্ট্রপক্ষের অভিযোগ, আসামিদের নির্দেশনা ও পরিকল্পনার ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। ওই দিন গুলিতে ছয়জন নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম, সুরুজ আলী, আবদুল্লাহ আল মুস্তাকিন, মো. উসামা, বাবুল ফরাজী ও ইউসুফ শেখ।

মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ টেলিফোনে কথোপকথনের রেকর্ড, বিভিন্ন নথিপত্র এবং সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন করে। মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষের দাবি, আন্দোলন দমনের বিষয়ে হানিফের সঙ্গে কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপারসহ বিভিন্ন ব্যক্তির যোগাযোগ ছিল। ২০২৪ সালের ১৮ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে পুলিশ সুপারের সঙ্গে হানিফের ৪০ বার টেলিফোনে কথা হওয়ার তথ্যও আদালতে তুলে ধরে প্রসিকিউশন। এসব যোগাযোগের মাধ্যমে আন্দোলন দমনে নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়।

হানিফ ছাড়াও এ মামলার অন্য তিন আসামি হলেন: সদর উদ্দিন খান - কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, আজগর আলী- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আতাউর রহমান আতা- কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

চার আসামিই পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হয়। রাষ্ট্রপক্ষ মামলায় চার আসামিরই সর্বোচ্চ শাস্তি চেয়েছিল।

২০২৫ সালের ৫ অক্টোবর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরদিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

২০২৬ সালের ২৩ এপ্রিল পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে ১০ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। রাষ্ট্রপক্ষ অতিরিক্ত তথ্যপ্রমাণ দাখিল করায় পরবর্তী সময়ে আবারও শুনানি ও যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এরপর ২৯ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করা হয়।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল হানিফকে মৃত্যুদণ্ড দেন। মামলার অন্য তিন আসামির বিরুদ্ধে রায়ে  আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 


  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement