জাপানের রাজধানী টোকিওতে উন্নত চিকিৎসা প্রযুক্তি, কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেবা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান। সফরকালে তিনি একটি আধুনিক চিকিৎসাকেন্দ্র, নার্সিং সেন্টার ও জাদুঘর ঘুরে দেখেন। এ ছাড়া জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে ডা. জুবাইদা রহমান টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন। সেখানে তিনি উন্নত চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন। ক্লিনিকটিতে ব্যবহৃত বিশেষ সিটি স্ক্যানার, পজিট্রন এমিশন টমোগ্রাফি-কম্পিউটেড টমোগ্রাফি (পিইটি-সিটি), এমআরআই সুবিধা এবং নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
পরে তিনি টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার ‘হংগো’ পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রটির নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরের খাবারের পর ডা. জুবাইদা রহমান উয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন। সেখানে তিনি জাপানের ঐতিহ্যবাহী বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন।
সফরের অংশ হিসেবে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।
জাপানের উন্নত চিকিৎসাব্যবস্থা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কমিউনিটিভিত্তিক পরিচর্যা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভের সুযোগ তৈরি করে এসব পরিদর্শন কর্মসূচি।
এফএস