মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্তন ক্যানসার সচেতনতামূলক সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) অপরাহ্ণে ঢাকার ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক শায়লা শারমিন জামান। এ ছাড়া ফোরামের অন্যতম সমন্বয়কারী ইকবাল মাহমুদ ও চিকিৎসক সাদিয়া হাবিব অর্পি বক্তব্য দেন।
আলোচনা শেষে ফোরামের দুই নারী চিকিৎসক আগ্রহী অংশগ্রহণকারীদের স্ক্রিনিং সেবা প্রদান করেন।