আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে সঙ্গে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের জীবনমান ও জীবিকার সংকটকে গুরুত্ব দিয়ে এসব বিষয় নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানকে সফরসঙ্গী করা নিয়ে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা দেখেছেন তিনি। সফরসঙ্গীর অবদান এবং এ জন্য সরকারি অর্থ ব্যয়ের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমার কাছে খুব আশ্চর্য লাগলো, আমাদের সঙ্গে আমজনতার তারেককে নিয়ে এসেছি এবার। সোশ্যাল মিডিয়ায় গত দুই দিন ধরে ওকে নিয়ে দেখলাম অনেক কথা। ওর কোনো কন্ট্রিবিউশন নেই, ওকে নিয়ে এসে এখানে সরকারের পয়সা নষ্ট।”
দেশের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন ও জীবিকার সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। তাঁর ভাষ্য, “দেশে অনেক সমস্যা আছে, সেগুলা নিয়ে কোনও আলাপ দেখি না।”
সংস্কারের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে সংস্কার নিয়ে আলোচনা করার পাশাপাশি মেহনতি ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগও গুরুত্বপূর্ণ। রাজনীতিকেরা মানুষের কাছে ভোট চাইতে যান উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের জীবনকে কিছুটা সহজ ও স্বস্তিদায়ক করাই তাঁর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার।
এর আগে জাপান সফরে যাওয়ার আগে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রথম বিদেশ সফরের কথা জানান। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।”
আরএন