রাজধানীর যাত্রাবাড়ী থেকে পাঁচ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এছাড়া গুলশান-২ এলাকা থেকে ৪৩০ লিটার বিদেশি মদ ও ১৫৫ দশমিক ৭৬ লিটার বিয়ারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান।
তিনি বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান রয়েলস ট্রাভেলসের বাসে ঢাকার গাবতলীর দিকে আনা হচ্ছে। এ খবর অনুযায়ী ভোর সাড়ে ৫টা থেকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ইউটার্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। ভোর ৬টা ২০ মিনিটের দিকে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করা বাসটি আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ ঘটনায় মোট ছয়জনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় মামলার প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম আরও বলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বিমানবন্দর এলাকা থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে অবৈধ মাদকদ্রব্য গুলশান-২ এলাকার ১১৮ নম্বর সড়কের দিকে নেওয়া হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে রাত পৌনে ২টার দিকে গুলশান-২ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করা একটি মিনি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ৪৩০ লিটার বিদেশি মদ ও ১৫৫ দশমিক ৭৬ লিটার বিয়ার জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
১২ নারী উদ্ধার
এদিকে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারীকে রাজধানীর উত্তরা পশ্চিম ও ভাটারা এলাকা থেকে উদ্ধার করেছে এসআরবি-১।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে বাহিনীর অধিনায়ক জানান, গত ২৬ অক্টোবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা থেকে নিখোঁজ নারীকে উদ্ধারসংক্রান্ত আবেদন পাওয়ার পর সেদিন বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার-সংলগ্ন এলাকা থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৮টা থেকে পরদিন রাত ১টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের চীনে নিয়ে যাওয়ার কথা বলে উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়েছিল। পরে তাদের বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে একটি বাসায় জোরপূর্বক আটকে রাখা হয়। এসময় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয় বলে জানিয়েছে এসআরবি-১।
উদ্ধার হওয়া ১২ নারীকে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
টিআই