ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নতুন আইজিপির গুঞ্জন থাকলেও সিদ্ধান্ত হয়নি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:১২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বিতর্কিত মন্তব্যের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর সাংবাদিক সংগঠন ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে সেই সাথে সাংবাদিক সমাজ ও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। অন্যদিকে, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঘীরে  বিতর্ক নিয়ে পুলিশ এর মিডিয়া বিভাগ থেকে বিষয়টি পরিস্কার করা হয়।আইজিপির বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তিনি (আইজিপি) একজন সহজ-সরল মানুষ এবং কথা প্রসঙ্গে একটি কথা বলে ফেলেছেন। তবে আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য দেওয়া মোটেও ঠিক হয়নি বলে মন্তব্য করেন মন্ত্রী।

আইজিপির বক্তব্যকে স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত মর্যাদার জন্য হুমকিস্বরূপ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠন দুটির নেতৃবৃন্দ পৃথক এক বিবৃতিতে বলেন, ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা এবং সাংবাদিকদের নিয়ে যে বক্তব্য এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত।

আইজিপির মন্তব্যের পর থেকে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে বিরোধী রাজনৈতিক দলসমূহ এবং শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো। সরকারের উচ্চপর্যায়েও নতুন কর্মকর্তা নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ইতিমধ্যেই সম্ভাব্য নতুন আইজিপি হিসেবে বিসিএস ১৫তম ব্যাচের চার জ্যেষ্ঠ কর্মকর্তার নথি (ফাইল) তলব করা হয়েছে। বিবেচিত চার কর্মকর্তা হলেন—আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ডিজি অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ, এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

তবে সূত্র জানিয়েছে, আইজিপি পরিবর্তনের বিষয়টি নিয়ে গুঞ্জন জোরদার থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বাইরে থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সফর শেষে তিনি দেশে ফিরলেই সরকার পুলিশ প্রধানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

সম্প্রতি চট্টগ্রামে এক অনুষ্ঠানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গ তুলে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, “আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করব। সেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে আমরা সেটাই করব।”

এই মন্তব্যের পরপরই দেশজুড়ে চরম প্রতিক্রিয়া দেখা দেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান একে সংবিধানের পরিপন্থী উল্লেখ করে বলেন, সরকারের অনুমতি পেলেও কোনো বাহিনী বিচারবহির্ভূত হত্যা চালাতে পারে না। মানবাধিকার কর্মী নূর খান লিটন এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) আইজিপির অপসারণ ও জবাবদিহিতা দাবি করেছে।

অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা জাহেদ উর রহমানও এই বক্তব্যকে ‘স্ববিরোধী ও বিব্রতকর’ বলে উল্লেখ করেছেন।

ব্যাপক সমালোচনার মুখে পরবর্তীতে পুলিশ সদর দপ্তর থেকে ব্যাখ্যা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, মাদক কারবারি, সন্ত্রাসী ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের দমনে আইনের আওতায় থেকে আত্মরক্ষার পুলিশি অধিকারের কথাই আইজিপি উল্লেখ করতে চেয়েছিলেন।

সব মিলিয়ে, আইজিপির বক্তব্য প্রত্যাহার ও পুলিশ প্রশাসনের ব্যাখ্যা সত্ত্বে বিষয়টি কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে প্রবল উত্তাপ বিরাজ করছে। তবে আইজিপি পদের রদবদল নিয়ে সরকারের শীর্ষ মহল থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সরকারের উচ্চপর্যায়ে আইজিপি পরিবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement