রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ফুলবাড়িয়া এলাকায় এ অভিযান শুরু হয়।
স্থানীয় ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে।
অভিযানে পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ শেষে জব্দ করা মালামাল ও সরঞ্জাম সিটি করপোরেশনের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চার নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে- এমন অবৈধ স্থাপনা অপসারণে অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত হলে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এফএস