জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এর আগে, সরকারের সাইবার নিরাপত্তাবিষয়ক সংস্থা বিজিডি ই-গভ গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো ও ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কবার্তা জারি করে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপির দীর্ঘদিনের দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেন। এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে অননুমোদিতভাবে কোড চালাতে পারে বলে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা সংস্থাগুলো।
এ ঘটনায় গত ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জরুরি সতর্কতা জারি করে। এরপর সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রেখে নিরাপত্তা হালনাগাদের উদ্যোগ নেয়।
এসব প্রতিষ্ঠানের মধ্যে উইকিমিডিয়া, যুক্তরাজ্য সরকার, ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ এবং ফিনল্যান্ড সরকারের বিভিন্ন অনলাইন সেবাও রয়েছে।
বাংলাদেশেও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এনআইডি সার্ভারে সাইবার হামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সার্ভার বন্ধ রাখার বিষয়টি সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলা ও কারিগরি কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এফএস