জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসায় প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে যেন কোনো ধরনের গাফিলতি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। এ সময় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, “এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল। এই নির্বাচন সম্ভব হয়েছে, সরকারের ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছে হাজারো মানুষের জীবনদান, অঙ্গদান ও পঙ্গুত্বের কারণে। রাজনীতিসহ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আহত এই ভাইবোনদের প্রতি সরকারের দৃষ্টি থাকতে হবে। কোনো প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাঁদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়।”
তিনি বলেন, আহত যোদ্ধাদের আর্থিক সহযোগিতা, পুনর্বাসন, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো এবং সামাজিক ও রাজনৈতিকভাবে তাঁদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি ছিল। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে রাষ্ট্রের ভূমিকা আরও বিস্তৃত হতে পারে।
এনসিপির আহ্বায়ক বলেন, “একটি দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব, সরকারের পক্ষে ও রাষ্ট্রের পক্ষে তার চেয়ে অনেক বেশি করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক কিছুই করা হয়েছে। বর্তমান সরকারকে শুধু সেগুলোর দেখভাল করতে হবে।”
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, নির্বাহী কমিটির সদস্য আলী নাসের খান এবং গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেজবাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।