ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বেতন বাড়ার খবর শুনলে ক্রিকেটারদের মুখে হাসি ফোটে। আর কমার খবর? সেটি নিশ্চয়ই সুখবর নয়। গত মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমানোর ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এমন সিদ্ধান্তে ক্রিকেটারদের মন খারাপ হওয়াই স্বাভাবিক।

তবে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি চান, বেতন কমার হতাশা যেন মাঠের পারফরম্যান্সে ছায়া না ফেলে; বরং ভালো খেলে নিজেদের আর্থিক অবস্থার উন্নতির পথ তৈরি করুক ক্রিকেটাররা।

বেতন কমার ঘোষণার পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও শেষ করেছে ২-২ সমতায়। এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে ক্যারিবীয়রা। ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।

এর আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের বেতন কমার প্রসঙ্গ উঠতেই স্যামি টেনে আনলেন ভারত সিরিজের পারফরম্যান্স, ‘ভারতের বিপক্ষে সিরিজে আমরা যেভাবে খেলেছি, সেটি দেখুন। খেলোয়াড়দের যখন খবরটি জানানো হয়েছিল, তখন তারা (ভারত সিরিজে) যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার তাড়না, আবেগ ও আগ্রহ স্পষ্ট হয়েছে।’

শুধু ভালো খেলা নয়, ক্রিকেটারদের আর্থিক প্রণোদনার ব্যাপারটি মনে করিয়ে দিয়েও উৎসাহিত করছেন স্যামি। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রেই পয়েন্ট তালিকার ৮ নম্বরে থেকে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবারও ১২ ম্যাচের মাত্র দুটিতে জিতে ৮ নম্বরে আছে তারা। অন্যদিকে ৬ ম্যাচের তিনটিতে জেতা বাংলাদেশ এখনো ফাইনালে ওঠার সমীকরণে আছে। তবে স্যামির লক্ষ্য, বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট জিতে অন্তত সেরা পাঁচে জায়গা করে নেওয়া।

কেন সেরা পাঁচে ওঠা এত গুরুত্বপূর্ণ, সেটিও ব্যাখ্যা করেছেন স্যামি, ‘এই টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ছেলেদের আমি বলেছি, শীর্ষ পাঁচে থাকতে পারলে বাড়তি আর্থিক প্রণোদনা আছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পুরস্কারমূল্য বাবদ অনেক অর্থ বিনিয়োগ করেছে। আমাদের খেলোয়াড়দের সামনে ৮ নম্বর থেকে ওপরে ওঠার সুযোগ আছে। আগের দুই চক্রেই আমরা ৮ নম্বরে থেকে শেষ করেছি।’

বেতন কমার বিষয়টি অবশ্য এখন আর ড্রেসিংরুমের আলোচনায় নেই বলেই মনে করেন স্যামি; বরং ক্রিকেটারদের সামনে তিনি রেখেছেন অন্য এক চ্যালেঞ্জ। ক্যারিবীয় কোচ বলেন, ‘আমার মনে হয় না, এখন ড্রেসিংরুমে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি খেলোয়াড়দের চ্যালেঞ্জ দিয়েছি, মাঠে ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের এমন অবস্থানে নিয়ে যেতে হবে, যেন স্পনসরদের সঙ্গে আরও ভালোভাবে দর-কষাকষি করতে পারি এবং নতুন স্পনসর আকৃষ্ট করতে পারি। ভারতের বিপক্ষে সাদা বলের দল দুটি সেই কাজ খুব ভালোভাবেই করেছে বলে আমার মনে হয়েছে। আশা করি, বাংলাদেশে লাল বলের দল হিসেবেও আমরা সেটা করতে পারব।’

বাংলাদেশ সিরিজকে ওয়েস্ট ইন্ডিজ যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, সেটি তাদের প্রস্তুতিতেও স্পষ্ট। বাংলাদেশে আসার আগে চেন্নাইয়ে প্রস্তুতি ক্যাম্প করেছে দলটি। সপ্তাহখানেক আগে বাংলাদেশে এসে খেলেছে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও।

স্যামির চোখে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট তাই শুধু আরেকটি সিরিজ নয়, নিজেদের লক্ষ্য পূরণের সুযোগও, ‘এই দুটি টেস্ট আমাদের জন্য দারুণ একটি সুযোগ। ২০২৫ সালে যে লক্ষ্য নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের (এই চক্রের) যাত্রা শুরু করেছিলাম, সেই লক্ষ্য পূরণ করে চক্রটি শেষ করার সুযোগ আমাদের সামনে। তাই আমরা সিরিজটির দিকে তাকিয়ে আছি। বরাবরের মতোই প্রতিপক্ষকে সম্মান জানাব, তাদের নিয়ে বিশ্লেষণ করব এবং জয়ের জন্য সহায়ক পরিকল্পনা তৈরি করব। আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে, আমরা এখানে সেটি করতে পারব।’

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement